
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে ১৩ বছর বয়সী এক হাফেজিয়া মাদ্রাসার ছাত্রীর অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি করেছে পরিবার। মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা-মা প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
অপহৃত ছাত্রীর বাবা নুর আলম তেঁতুলিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাথরঘাটা এলাকার কাঠমিস্ত্রি নুর আলমের ছোট মেয়ে মোছা. উম্মে হাবিব (১৩) আঠারখাড়ি নুরানী হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রী। অভিযোগে বলা হয়, মাদ্রাসায় যাতায়াতের পথে আঠারখাড়ি এলাকার মো. ফয়জুল হকের ছেলে মো. বেলাল (১৯) দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব ও বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। এতে সাড়া না দেওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, গত ২২ জুন সকাল আনুমানিক ৮টার দিকে উম্মে হাবিব মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা বেলাল, তার সহযোগী মো. সাদেকুল (৩০) ও মজিবুল (৩০) জোরপূর্বক তাকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় কয়েকজন মোটরসাইকেলটি দ্রুতগতিতে নসুরাপাড়া মসজিদের সামনে দিয়ে চলে যেতে দেখে পিছু নিলেও অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছাত্রীর কোনো সন্ধান পাননি। পরে নুর আলম অভিযুক্ত বেলালের বাবা মো. ফয়জুল হকের কাছে মেয়ের বিষয়ে জানতে গেলে তিনি ছেলে ও মেয়ের অবস্থান সম্পর্কে জানেন বলে দাবি করেন। একই সঙ্গে বেলালের সঙ্গে মেয়ের বিয়ে দিলে তাকে ফিরিয়ে দেওয়া হবে বলে শর্ত দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে রাজি না হওয়ায় নুর আলমকে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
অপহৃত ছাত্রীর বাবা নুর আলম বলেন, “আমার মেয়েটা অবুঝ, নাবালিকা। তাকে জোর করে তুলে নিয়ে গেছে। আট দিন অতিবাহিত হয়ে গেল, এখনো আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। ওর মা না খেয়ে শুধু কাঁদছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমার মেয়েকে দ্রুত সুস্থ অবস্থায় উদ্ধার করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”
এদিকে ঘটনার আট দিন পার হলেও মেয়েটিকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও তার সহপাঠীরা।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.