
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি টানা তিন মাস ধরে বিকল থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। সরকারি হাসপাতালে স্বল্প খরচে সেবা না পেয়ে রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত ব্যয়ে সিটি স্ক্যান করাতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২১ সালের আগস্টে ঢাকার আরপি এন্টারপ্রাইজ হাসপাতালটিতে সিটি স্ক্যান মেশিনটি সরবরাহ করে। সাত বছরের ওয়ারেন্টি থাকলেও চালুর প্রায় সাড়ে চার বছর পর অতিরিক্ত ব্যবহারের কারণে মেশিনটিতে ত্রুটি দেখা দেয়। এরপর থেকে এটি সম্পূর্ণ অচল হয়ে রয়েছে।
বর্তমানে সিটি স্ক্যান বিভাগের সামনে সাময়িকভাবে সেবা বন্ধ থাকার নোটিশ টানানো থাকলেও প্রায় তিন মাস পেরিয়ে গেলেও মেশিনটি সচল করা সম্ভব হয়নি।
রোগীর স্বজন সানজিদা খাতুন বলেন, সরকারি হাসপাতালে সিটি স্ক্যান করতে পারলে কম খরচ হতো। কিন্তু এখন বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি ব্যয় করতে হচ্ছে।
সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর স্বজন রজব আলী বলেন, চিকিৎসক জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করতে বলেছেন। কিন্তু হাসপাতালের মেশিন নষ্ট থাকায় রোগীকে বাইরে নিতে হচ্ছে। এতে যেমন অতিরিক্ত খরচ হচ্ছে, তেমনি গুরুতর রোগীকে স্থানান্তর করাও ঝুঁকিপূর্ণ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী বিভাগের পাশাপাশি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরসহ আশপাশের বিভিন্ন জেলার রোগীরা চিকিৎসা নিতে আসেন। সিটি স্ক্যান সেবা বন্ধ থাকায় তাদেরও বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস বলেন, অতিরিক্ত ব্যবহারের কারণে সিটি স্ক্যান মেশিনটি বিকল হয়েছে। সরবরাহকারী ও মেরামতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত মেশিনটি সচল করার চেষ্টা চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.