
জ্বালানি তেলের সংকটের কারণে টানা দুইদিন ধরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্জ্য অপসারণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ।
গত দুই দিন ধরে রাসিকের কোনো বর্জ্য নির্ধারিত সেকেন্ডারি পয়েন্ট থেকে ভাগাড়ে নেওয়া হয়নি। এতে করে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও ডাস্টবিনে ময়লা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথাও কোথাও সেকেন্ডারি পয়েন্ট থেকে প্রধান সড়কেও ছড়িয়ে পড়েছে আবর্জনা।
রোববার (১৫ মার্চ) রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বর্জ্য পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল না থাকায় নিয়মিতভাবে ময়লা অপসারণ করা সম্ভব হচ্ছে না। এতে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।
নগরীর সিটি বাইপাস এলাকার ঘোড়া চত্বরের সেকেন্ডারি পয়েন্টে গিয়ে দেখা যায়, সেখানে ময়লার বুথ পুরোপুরি ভর্তি হয়ে গেছে। এমনকি প্রধান সড়কের এক পাশেও ছড়িয়ে পড়েছে ময়লা। একই অবস্থা নগরীর অন্যান্য সেকেন্ডারি পয়েন্টেও।
এদিকে নিয়মিত ময়লা অপসারণ না হওয়ায় অনেক এলাকায় বাড়ি বাড়ি থেকেও বর্জ্য সংগ্রহ করা যাচ্ছে না।
নগরবাসী দ্রুত বর্জ্য অপসারণ কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দীর্ঘ সময় ধরে ময়লা পড়ে থাকলে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
নগরীর বিলসিমলা এলাকার বাসিন্দা মো. আব্দুল আওয়াল বলেন, “দুই-তিন দিন ধরে এলাকার ডাস্টবিনের ময়লা অপসারণ করা হয়নি। এতে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং চলাচলে ভোগান্তি হচ্ছে।”
ঘোড়া চত্বর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “এলাকাটি মেডিক্যাল এলাকা হওয়ায় প্রতিদিন প্রচুর বর্জ্য তৈরি হয়। নিয়মিত অপসারণ না হলে পরিবেশ দূষণ বাড়ে এবং স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তাই দ্রুত ময়লা অপসারণ করা প্রয়োজন।”
এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, “জ্বালানি তেলের সরবরাহ না থাকায় গত শুক্রবার থেকে নির্ধারিত সেকেন্ডারি পয়েন্ট থেকে ভাগাড়ে বর্জ্য অপসারণ বন্ধ ছিল। তবে দ্রুত তেলের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি শনিবার রাত থেকেই আবার বর্জ্য অপসারণ কার্যক্রম চালু করা যাবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.