
জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২–৩টি শৈত্য প্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা ৮–১০ ডিগ্রি থেকে নেমে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এছাড়া ১–২টি শৈত্য প্রবাহ মাঝারি থেকে তীব্র হতে পারে, যেখানে তাপমাত্রা ৬–৮ ডিগ্রি থেকে নেমে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। একই সঙ্গে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০ থেকে ৩.৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টার মধ্যে থাকতে পারে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.