ছিনতাই মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান জান মোহাম্মদ গ্রেপ্তার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
ছিনতাই মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান জান মোহাম্মদ গ্রেপ্তার। রাজশাহীর বাগমারায় প্রকাশ্যে মারপিট করে অর্থ ছিনতাই ও চাঁদা দাবির মামলায় আউচপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি সরদার জান মোহাম্মদ (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ২ টার সময় রাজশাহী নগরের বোয়ালিয়া থানার হেতেমখাঁ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত ৫ জানুয়ারি নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন।
এর আগে গত ২৭ মার্চ এই মামলায় নায়েব উল্লাহ নামের ৭৩ বছর বয়সের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছিল পুলিশ। দুইদিন পর তিনি জামিনে মুক্তি পান। ১৪ বছর আগে মোহনপুর উপজেলার চকবিরহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে অবসর নেন তিনি।
মামলা সূত্রে জানা গেছে, প্রকাশ্যে মারপিট করে ১ লাখ ৭২ হাজার ৮০০ টাকা ছিনতাই ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির এ মামলায় সরদার জান মোহাম্মদ ও নায়েব উল্লাহসহ নয়জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামী করা করা হয় সরদার জান মোহাম্মদকে। এছাড়াও এ মামলায় অজ্ঞাত আরও চারজনকে আসামী করা হয়েছে।
এজাহারের অপর আসামীরা হলেন, মির্জাপুর বিরহী গ্রামের মোজ্জাফর হোসেন (৩২), আব্দর বারী (৩৫), জামাল হোসেন (৪২), আনছার আলী (৪৫), আজাদ আলী (৪৬), আনোয়ার হোসেন (২৮) ও মুগাইপাড়া গ্রামের মাহফুজ আলী (২৪)।
এদের মধ্যে জামাল হোসেন, আনছার আলী, আজাদ আলী বৃদ্ধ। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাদের বয়স ৬০ বছরের উপরে। এ মামলা দায়ের পর থেকে তারাও বাড়ি ছাড়া।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছী গ্রামের রেজাউল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২) বাদি হয়ে গত ২৬ মার্চ বাগমারা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেছেন তার ভাতিজা জুবায়ের হোসেন (২২) স্বর্ণ ব্যবসায়ী।
গত ২৫ মার্চ বিকেল সোয়া ৩টার দিকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে মির্জাপুর বিরহী বটতলা মোড়ে আসামীরা প্রকাশ্যে তার পথ রোধ করে মারপিট করে এবং টাকার ব্যাগ নিয়ে নেয়। সেই ব্যাগে এক লাখ ৭২ হাজার ৮০০ টাকা ছিল। এছাড়াও ওই এলাকায় ব্যবসা করার জন্য জুবায়েরের কাছ থেকে আসামীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও মামলায় এজাহারের উল্লেখ করা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, মামলার এজাহারে প্রধান আসামী হিসেবে জান মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের পর তিনি একা থেকে পালিয়ে রাজশাহী শহরে আত্মগোপন করে ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বুধবার দিবাগত ২টার দিকে রাজশাহী নগরীর হেতেমখা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.