
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। বর্তমানে তারা সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
তিনি জানান, বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায়। পুশ-ইন করা ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। ফলে ওই ২৮ জন বর্তমানে দুই দেশের সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছেন।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তারা ফিরে না গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনার পর সীমান্তের ওপারে বিএসএফের বিভিন্ন চৌকিতে জনবল বৃদ্ধি করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে বিজিবিও সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।
সীমান্ত এলাকায় উত্তেজনা এড়াতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.