
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এ চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। লক্ষাধিক ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি আলোচনায় আসেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসনটির ১৪৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন মুনীর পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট।
এছাড়া সুন্নী জোট সমর্থিত ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ২২৫ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মতি উল্লাহ নূরী পেয়েছেন ১ হাজার ৩২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ (ফুটবল প্রতীক) পেয়েছেন ৮৫৭ ভোট এবং বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী মো. আলাউদ্দিন পেয়েছেন ২০৭ ভোট।
ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম সম্পন্ন করে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত হওয়ার পর মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ধানের শীষ প্রতীকে ব্যাপক ভোট ও সমর্থন দেওয়ায় হাটহাজারী ও বায়েজিদ এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যে জানা যায়, এ সংসদীয় আসনে ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড নিয়ে মোট ১৪৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ফলাফল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঘোষণা করা হবে।
এছাড়া গণভোটে ঘোষিত ১০৫টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯০ হাজার ৭৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৭ হাজার ৫৫৪টি। পরবর্তীতে পোস্টাল ভোট যুক্ত হবে বলে জানানো হয়েছে।
প্রশাসনের কঠোর নিরাপত্তা ও নজরদারিতে দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় পর্যবেক্ষক ও সচেতন মহল।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.