
রাজশাহীর গোদাগাড়ীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাধারণ মানুষ।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে ‘নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’র ব্যানারে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নেসকো গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে। তাদের দাবি, এসব মিটারে রিচার্জের পর দ্রুত টাকা শেষ হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আগের তুলনায় কয়েকগুণ বেশি বিল আসছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
কর্মসূচিতে প্রধান বক্তা ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস বলেন, “আমরা নেসকোর এই গণবিরোধী সিদ্ধান্ত মানি না। প্রিপেইড মিটারের নামে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। অবিলম্বে এই মিটার স্থাপন বন্ধ করতে হবে এবং সাধারণ গ্রাহকদের হয়রানি ও ভুয়া বিল পাঠানো বন্ধ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মাহবুবর রহমান বিপ্লব বলেন, “জনগণের পকেট কাটার এই উৎসব বন্ধ করুন। বিদ্যুৎ বিলের নামে যে লুটপাট চলছে, তা বরদাশত করা হবে না। কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সামাজিক সংগঠন ‘সমাজ ও মানবকল্যাণ’-এর মহাসচিব নুরে আলম অহিদ এবং প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত এবং অতিরিক্ত বিল সংশোধন করা না হলে নেসকো কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.