
রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ জিহান মোবারক (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের পদ্মা নদীর খেয়াঘাট সংলগ্ন বিদিরপুর এলাকায় অভিযান চালায় গোদাগাড়ী মডেল থানা পুলিশ। আটক জিহান মোবারক উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। অভিযানের সময় অন্ধকারের সুযোগ নিয়ে তার বাবা নাসির উদ্দীন (৫৩) পালিয়ে যান। তাকে এ মামলার পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পদ্মা নদীর তীরে একটি ডিঙি নৌকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে গোদাগাড়ী মডেল থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে জিহানকে আটক করা হলেও তার বাবা পালিয়ে যান। পরে জিহানের কাছে থাকা একটি পলিথিন ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত ২৩ ফুট লম্বা একটি চায়না ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আটক কিশোর ও তার বাবা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে এই হেরোইন রেখেছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক নাসির উদ্দীনের বিরুদ্ধে আগেও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। আটক জিহানকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.