
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষক, সুশীল সমাজ ও সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজি।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে গোদাগাড়ী মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের এএসপি মীর্জা মো. আব্দুস ছালাম এবং গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান।
সভায় মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব এবং ডাইংপাড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গোদাগাড়ীকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এই লড়াইয়ে শামিল হতে হবে।”
সভাপতির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি পাড়া-মহল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।”
সভায় বক্তারা গোদাগাড়ীকে সম্পূর্ণ মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত গোদাগাড়ী গড়ে তোলার শপথ গ্রহণ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.