
খাল খননের মাধ্যমে দেশের কৃষকদের ভাগ্যের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে এবং খাল পুনখননের মাধ্যমে পানিসংকট নিরসন করে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে নাটোর সদরের হালসা-হেলেঞ্চা খাল পুনখনন এবং ভাদুড়ী-যামিনী খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ প্রকল্পে প্রায় দুই কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
হুইপ দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় পঞ্চাশ বছর আগে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। বর্তমানে দেশের কৃষি ও পানিসংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে এই কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, কৃষিখাতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দেশে খরার সময় পানির অভাব দেখা দেয়। ফারাক্কা ও তিস্তা ইস্যুর কারণে পানির সংকট আরও প্রকট হয়। খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করে কৃষকদের উৎপাদন বাড়ানো সম্ভব হবে এবং তাদের জীবনমান উন্নত হবে।
অনুষ্ঠানের আগে তিনি রাহবারে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আয়োজিত হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.