
চুক্তি সত্ত্বেও কনসার্টে উপস্থিত না হওয়ায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের ভোকাল লিংকন আর্টসেল ও ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন আম্মার। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে এ মামলা দায়ের করা হয়।
বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন জানান, আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করেছেন এবং তেজগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে গত ৫ আগস্ট একটি কনসার্টের আয়োজন করা হয়। গত ১৯ জুলাই লিংকন আর্টসেল ও খাদেমুল ওয়াহাব মাহের ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। চুক্তিকৃত ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে আয়োজকেরা ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করেন।
তবে কনসার্ট শুরুর মাত্র পাঁচ ঘণ্টা আগে আর্টসেল ফেসবুকে পোস্ট দিয়ে জানায়, তারা অনুষ্ঠানে অংশ নেবে না। এতে অনুষ্ঠানের আয়োজক ও সংশ্লিষ্টদের আর্থিক ক্ষতি ও সুনামহানির অভিযোগ করা হয়েছে।
রাকসুর জিএস সালাহউদ্দীন মামলার এজাহারে দাবি করেন, কনসার্টে ব্যান্ডের অংশ না নেওয়ায় তার ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে মোট ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ২৫ আগস্ট শিল্পীদের উদ্দেশে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা কোনো উত্তর দেননি।
তিনি বলেন, "চুক্তির টাকা নেওয়ার পরেও তারা অনুষ্ঠানে অংশ নেয়নি। এটি স্পষ্ট প্রতারণা। তাই আইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় ছিল না।"
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.