
এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান নিয়ে তারা আন্দোলন শুরু করলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে একই দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে অবস্থান নেন পরীক্ষার্থীরা। সেখানে তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল নিয়ে সিএন্ডবি মোড় হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সড়ক অবরোধ করেন।
পদ্মা সরকারি কলেজের পরীক্ষার্থী শান্ত সরদার বলেন, “বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। সবার পরীক্ষা একসঙ্গে হতে হবে। পাশাপাশি প্রশ্নপত্রের ত্রুটিও সংশোধন করতে হবে।”
আরেক পরীক্ষার্থী মো. তাহা অভিযোগ করে বলেন, “শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানাবেন বলে আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।”
শিক্ষার্থীরা দাবি করেন, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে বিশেষ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তির মধ্যে পরীক্ষা দিয়েছেন এবং প্রায় ১১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ এবং সারাদেশে আগামী পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে চলমান পরীক্ষার প্রশ্নপত্র আরও শিক্ষার্থীবান্ধব করারও আহ্বান জানান তারা।
সড়ক অবরোধের কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন বিকল্প পথে চলাচল করতে বাধ্য হয়। এতে যাত্রীদের দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে তারা কথা বলেছেন এবং যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত শিক্ষার্থীদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি।”
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের দাবির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, সেটিই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.