
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজশাহী মহানগরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বাসা-বাড়ি, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, বিপণিবিতানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
আরএমপি জানিয়েছে, ঈদ উপলক্ষে অনেকেই বাড়ি ছাড়েন, ফলে ফাঁকা বাসা ও প্রতিষ্ঠানগুলোতে চুরি-ডাকাতির ঝুঁকি বেড়ে যায়। এ অবস্থায় নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে পুলিশ।
পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, বাসা-বাড়ি, অ্যাপার্টমেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের দায়িত্ব জোরদার করতে হবে এবং ২৪ ঘণ্টা নজরদারি নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্বে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বাসা বা প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজা-জানালা ভালোভাবে তালাবদ্ধ করা, একাধিক তালা ব্যবহার, দুর্বল অংশ মেরামত এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি অটোলক ও নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশে পর্যাপ্ত আলো নিশ্চিত করা, মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে রাখা বা ব্যাংক লকারে সংরক্ষণ করা এবং প্রতিবেশীদের বিষয়টি জানিয়ে রাখা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
ভাড়াটিয়াদের ক্ষেত্রে বাড়ির মালিককে আগে থেকেই অনুপস্থিতির বিষয়টি জানানোর কথা বলা হয়েছে। অনুমতি ছাড়া কেউ যেন বাসা বা প্রতিষ্ঠানে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও বলা হয়েছে, বাসা বা প্রতিষ্ঠান ছাড়ার আগে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বন্ধ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। গ্যারেজ নিরাপদ রাখা এবং আশপাশের গাছের অতিরিক্ত ডালপালা ছেঁটে ফেলারও পরামর্শ দেওয়া হয়েছে।
সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা পুলিশ ফাঁড়িকে জানাতে বলা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা আশঙ্কা থাকলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে পুলিশি সহায়তার জন্য আরএমপি হটলাইন ০১৩২০০৬৩৯৯৯, কন্ট্রোল রুম ০১৩২০০৬৩৯৯৮ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.