
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) এলাকা থেকে নেমে আসা বৃষ্টির পানির ঢলে মেরিন একাডেমি সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে বদলপুরা, শাহমীরপুর, বন্দরসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে কর্ণফুলী ড্রাইডকের যোগাযোগও বিঘ্নিত হয়েছে। অন্যদিকে পানির তোড়ে সিইউএফএল সড়ক ও আশপাশের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মো. ইলিয়াছ অভিযোগ করেন, চাতরী চৌমুহনী বাজারের পশ্চিমে চলমান কালভার্ট নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধ অপসারণ না করায় কেইপিজেড থেকে নেমে আসা ঢলের পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আশপাশের ঘরবাড়ি প্লাবিত হওয়ার পাশাপাশি পরীক্ষা শেষে বাড়ি ফেরা শিক্ষার্থীদের দীর্ঘ পথ পানি মাড়িয়ে ও বৃষ্টিতে ভিজে ফিরতে হয়েছে।
জানা গেছে, মেরিন একাডেমি ও সিইউএফএল সড়কের উন্নয়নকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের অ্যান্ড ব্রাদার্স। স্থানীয়দের দাবি, কেইপিজেডের পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনাও জলাবদ্ধতার অন্যতম কারণ।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার মো. মুন্না বলেন, হঠাৎ বৃষ্টির ঢলে মেরিন একাডেমি সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সড়ক মেরামতের কাজ শুরু করা হয়েছে। সিইউএফএল সড়কের কালভার্টের বাঁধও অপসারণ করা হয়েছে। তবে কালভার্টের পরবর্তী খালটি সংকীর্ণ হওয়ায় পানি দ্রুত নামতে পারছে না বলে তিনি মনে করেন।
কেইপিজেডের ডিজিএম মুশফিকুর রহমান বলেন, গত ৩৫ বছরের মধ্যে এমন বৃষ্টিপাত হয়নি। মেরিন একাডেমি সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠানের কালভার্ট নির্মাণকাজ চলছিল এবং সেখানে কেইপিজেডের সীমানা প্রাচীরেরও একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কেইপিজেডের বাইরে কোথাও পানি জমলে সেটি তাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় কেইপিজেড ইতোমধ্যে পানি ব্যবস্থাপনা উন্নয়নে কাজ শুরু করেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.