
রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তাকে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) কমিটির পক্ষ থেকে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার অধ্যাপক মুজিবুর রহমানের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান।
অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির। তাঁর বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পায়।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে অধ্যাপক মুজিবুর রহমানের উপস্থিতিতে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয় এবং প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। ওই বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই বৈঠকে অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে বলা হয়—
“সবকিছু এদের কাছে নিরাপদ নয়। মুজিবুর রহমান একজন ভালো মানুষ। আগামীতে নিরাপত্তাপূর্ণ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য ন্যায়ের পক্ষে, আল-কুরআনের পক্ষে সবাই মিলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন।”
বিচারিক কমিটির মতে, এ ধরনের বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর ১৫, ১৬ ও ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে ঘটনাটি নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে অনুসন্ধান করে কেন সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে অধ্যাপক মুজিবুর রহমানকে নির্ধারিত সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.