শেরপুরের ঝিনাইগাতীতে নববধূর র’হস্যজনক মৃত্যু, গলায় আ’ঘাতের চিহ্ন
- আপডেট সময় : ০২:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে নববধূর র’হস্যজনক মৃত্যু, গলায় আ’ঘাতের চিহ্ন
অসুস্থতার কথা বলে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু, ময়নাতদন্তের নির্দেশ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও নয়াপাড়া গ্রামে মাসরুফা বেগম (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাসরুফা বেগম একই গ্রামের মাসুদ পারভেজের মেয়ে এবং শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার সুলাইমানের স্ত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানা যায়, মাসরুফার বাবা-মা ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত। প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে মাসরুফার সঙ্গে সুলাইমানের রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পরও তিনি নানার বাড়িতেই অবস্থান করছিলেন।
রবিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসরুফাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা জানালে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক জামাল হোসেন সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সুরতহালে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সুরতহালের সময় গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নিহতের স্বজনরা ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে না পারায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

























