রাণীশংকৈলে ৫৮ লাখ টাকায় রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- আপডেট সময় : ০১:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ৫৮ লাখ টাকায় রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
পৌর বাজার এলাকায় ৩৮১ মিটার ব্লক রাস্তা নির্মাণ, উন্নয়নে আশাবাদী স্থানীয়রা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর বাজার এলাকায় নতুন রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শিবদিঘী পৌর বাজার এলাকায় এ রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন রাণীশংকৈল পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী জাবেদ আলী, রাণীশংকৈল প্রেসক্লাবের সম্পাদক খুরশিদ আলম শাওন, প্রধান সহকারী ডালিম সরকার, পৌরসভার কর্মকর্তা নজরুল ইসলাম, পৌর বাজার কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে শিবদিঘী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাহবুব আলম দোয়া পরিচালনা করেন।
রাস্তার কাজের ঠিকাদার বকুল মজুমদার জানান, প্রায় ৫৮ লাখ টাকা ব্যয়ে ৩৮১ মিটার দৈর্ঘ্যের এই রাস্তা ব্লক দিয়ে নির্মাণ করা হবে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন এই রাস্তা নির্মাণের ফলে পৌর বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে স্থানীয়রা মনে করছেন।


















