রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ, ইউএনওর হুশিয়ারি: ‘বাজারে বিক্রি করলে সোজা জেলে’
- আপডেট সময় : ০২:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ, ইউএনওর হুশিয়ারি: ‘বাজারে বিক্রি করলে সোজা জেলে’
প্রণোদনার বীজ ও সার চাষে ব্যবহার না করে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম।
অনুষ্ঠানে ইউএনও কৃষকদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, “আজ যে প্রণোদনার বীজ ও সার দেওয়া হচ্ছে, তা নিজেদের জমিতে ব্যবহার করবেন। কেউ যদি এগুলো বাজারে বিক্রি করেন, আমরা আইন প্রয়োগ করে দণ্ডবিধি ১৮৬ অনুযায়ী সোজা জেলে পাঠাবো।”
তিনি আরও বলেন, “আপনারা কৃষক। আপনাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত করুন। আমিও কৃষক পরিবারের সন্তান-সব কৃষিকাজ জানি, তাই ইউএনও হতে পেরেছি। আপনারা যদি সন্তানদের মাটি থেকে দূরে রাখেন, তাহলে তারা কীভাবে সফল হবে?”
কর্মসূচির স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা ও গমের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এ বছর উপজেলায় গমের বীজ ৫,২০০ জন, সরিষা ৫,৯০০ জন, পেঁয়াজ ৩০ জন, চিনাবাদাম ২০ জনসহ মোট ১১,১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব মোকাররম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি কর্মকর্তারা ও কৃষকরা উপস্থিত ছিলেন।




















