রাজশাহীর পবায় পেট্রোল পাম্পে অনিয়ম, দুই লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

রাজশাহীর পবায় পেট্রোল পাম্পে অনিয়ম, দুই লাখ টাকা জরিমানা
রসিদ না দেওয়া, হিসাব সংরক্ষণে গাফিলতি ও মজুত যাচাইয়ে অনিয়ম; র্যাব-প্রশাসনের যৌথ অভিযান
রাজশাহীর পবা উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল বিক্রিতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার দারুশা কর্ণহার এলাকায় অবস্থিত মতিউর ফিলিং স্টেশন-এ র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জানা গেছে, সম্প্রতি সরকার সারাদেশে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত তদারকির আওতায় পবার ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পাম্পটির কার্যক্রমে চরম বিশৃঙ্খলা এবং একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সামিয়া রহমান জানান, ফিলিং স্টেশনটিতে মূলত তিনটি বড় ধরনের অনিয়ম পাওয়া গেছে।
তিনি বলেন, প্রথমত—গ্রাহকদের তেল বিক্রির পর বাধ্যতামূলক রসিদ বা স্লিপ দেওয়ার নিয়ম থাকলেও পাম্প কর্তৃপক্ষ তা অনুসরণ করছিল না। এমনকি আগের বিক্রয় রসিদেরও কোনো সংরক্ষিত রেকর্ড দেখাতে পারেনি।
দ্বিতীয়ত—পাম্পটির ক্রয়-বিক্রয় ও দৈনন্দিন লেনদেনের কোনো সঠিক বা হালনাগাদ হিসাব সংরক্ষিত ছিল না।
তৃতীয়ত—কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত রয়েছে বলে দাবি করছিল, বাস্তবে তা যাচাইয়ের মতো কোনো গ্রহণযোগ্য পদ্ধতি বা নির্ভরযোগ্য ব্যবস্থা সেখানে পাওয়া যায়নি।
এসব অনিয়মকে বিদ্যমান আইন লঙ্ঘন এবং ভোক্তা স্বার্থের পরিপন্থী হিসেবে বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত মতিউর ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করে।
অভিযান চলাকালে র্যাব-৫-এর সদস্য, প্রশাসনের নিয়মিত মনিটরিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















