মান্দায় শীতার্ত মানুষের পাশে সিসিডিবি, ১৭৫ জনকে কম্বল বিতরণ
- আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ২৮০ বার পড়া হয়েছে

মান্দায় শীতার্ত মানুষের পাশে সিসিডিবি, ১৭৫ জনকে কম্বল বিতরণ
তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাটে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম
নওগাঁর মান্দা উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি (CCDB)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাটে অবস্থিত সিসিডিবি মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মখলেছুর রহমান কামরুল।
সিসিডিবি সাবাই হাট শাখার ব্যবস্থাপক হরিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিসিডিবির এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সাবাই হাট শাখার ব্যবস্থাপক হিল্লোল রায়, সমাজসেবক আবু তালেব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল, হিসাবরক্ষক রেশমা খাতুন ও ফিল্ড অফিসার রাসেল আহম্মদ।
বক্তারা বলেন, সিসিডিবি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়েছে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ১৭৫ জন শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।



















