বাগাতিপাড়ায় নির্বাচনী গণসংযোগে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রতিশ্রুতি
- আপডেট সময় : ০৭:৩২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
বাগাতিপাড়ায় নির্বাচনী গণসংযোগে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রতিশ্রুতি
বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও বেকার ভাতা চালুর প্রতিশ্রুতি—গণসংযোগে অংশ নিয়ে ভোট সমর্থন চান নাটোর-১ আসনের প্রার্থী
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নির্বাচন সিরিজ গণসংযোগ ও পথসভায় জনসমর্থন কামনা করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাগাতিপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে ব্যারিস্টার পুতুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষক কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং বেকারদের জন্য ভাতা চালু করা হবে। তিনি আরও বলেন, জনদুর্ভোগ কমাতে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দলীয় ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।
তিনি দাবি করেন, “মামলার ভয়ে কাউকে ঘরছাড়া থাকতে হবে না এবং গুম-খুনের মতো ঘটনা নির্মূল করা হবে।” পাশাপাশি লালপুর–বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের সদস্য। এছাড়া তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পথসভায় তাকে ফুলের মালা পরিয়ে এবং ফুলের পাপড়ি ছিটিয়ে গণসংবর্ধনা জানান ইউনিয়নের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা। এসময় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















