বাগাতিপাড়ায় নাটোরের দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:২৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ১১৮১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় নাটোরের দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেপ্তার
নাটোরের বাগাতিপাড়া থেকে ৮৫ পিস ইয়াবাসহ নাটোর সদরের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টার দিকে উপজেলার জিগরী আজগোরের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তাররা হলেন নাটোর শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মো. হায়দার আলীর ছেলে নাঈম (২৫) এবং কাপুড়িয়া পট্টি (নীচা বাজার) এলাকার মো. আজাহার আলীর ছেলে আশিক ইমরান (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জিগরীর আজগোরের মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
অভিযানের সময় ওই এলাকার আব্দুল রশিদের টিনশেড ঘরের পেছন থেকে নাঈম ও আশিক ইমরানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে নাঈমের কাছ থেকে ৪০ পিস এবং আশিক ইমরানের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, তারা মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজেদের কাছে রেখে পরিবহন করছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার (৮ মে) আদালতে পাঠানো হবে।




















