বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি”
- আপডেট সময় : ০২:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ২২২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি”
নাটোরের বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে মো. শফি আলী (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শফি আলী ওই গ্রামের মৃত শোয়েব পরামাণিকের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে শফি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
বাগাতিপাড়া থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া গ্রামে নজরুল ইসলামের বাড়িতে চুরির উদ্দেশ্যে দুই ব্যক্তি প্রবেশ করে। এ সময় তারা নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলামের ঘরের জানালার কাছে গিয়ে উঁকি দেয় এবং ঘরের ভেতরে গন্ধযুক্ত স্প্রে ছিটায়। ওই স্প্রের গন্ধ পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন নাজমুল ইসলাম। তিনি জানালার সামনে এক ব্যক্তিকে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এ সময় তার চিৎকারে দুই চোর দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে। পাশের বাড়ির বাসিন্দা শফি আলী ঘর থেকে বের হয়ে চোরদের ধাওয়া করেন। একপর্যায়ে তিনি একজনের জামা চেপে ধরতে সক্ষম হন। তখন ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে শফি আলীর হাতের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনাস্থলের বিভিন্ন স্থানে তার রক্তের চিহ্ন দেখা যায়।
পরে স্থানীয়রা আহত শফি আলীকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















