বাগাতিপাড়ায় কৃষিজমিতে অবৈধ পুকুর খনন: ২ লাখ টাকা জরিমানা, এক্সকাভেটর জব্দ
- আপডেট সময় : ০৫:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৩৫৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় কৃষিজমিতে অবৈধ পুকুর খনন: ২ লাখ টাকা জরিমানা, এক্সকাভেটর জব্দ
রাতের অভিযানে কৃষিজমি রক্ষায় কঠোর উপজেলা প্রশাসন
নাটোরের বাগাতিপাড়ায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতের আঁধারে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় মাটি কাটার কাজ বন্ধ করে রাজশাহীর বাঘমারা উপজেলার বাদল নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটরটি জব্দ করা হয়।
অভিযানে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন,
“কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



















