বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, তাই ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে: ব্যারিস্টার নওশাদ জমির
- আপডেট সময় : ০৪:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, তাই ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে: ব্যারিস্টার নওশাদ জমির
বিএনপি নেতা বলেন, গণতন্ত্রের যাত্রা আর কেউ রুখতে পারবে না
বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। তিনি বলেন, “এখন কেউ আর বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে থামাতে পারবে না। ফ্যাসিস্টদের পুনরুত্থান অসম্ভব।”
শনিবার (৮ নভেম্বর) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে পঞ্চগড়-১ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী উপজেলা বিএনপি আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “বাংলাদেশের মানুষ স্বৈরাচার ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে রক্ত দিয়ে সংগ্রাম করেছে। আজ তারা গণতন্ত্রের পথে হাঁটছে। আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ এবার দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, আর বিএনপি সরকার গঠন করবে।”
তিনি আরও বলেন, “পঞ্চগড়ের চা শ্রমিক ও চা চাষীদের জন্য আমরা কাজ করছি। আগে ৫ তারিখের আগে তারা চায়ের দাম পেত না, এখন পাচ্ছে। পাশাপাশি এখানে একটি বেসরকারি মেডিকেল কলেজ ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারিস্টার নওফল জমির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আব্দুল মজিদ, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট রিনা পারভীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় পঞ্চগড়-১ আসনের ২৩টি ইউনিয়নের বিএনপি ও মহিলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ অংশগ্রহণ করেন।




















