বন্ধুর সঙ্গে দেখা করতে নাটোরে যুক্তরাষ্ট্রের তেরি পারসন
- আপডেট সময় : ০৭:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৫০২ বার পড়া হয়েছে

বন্ধুর সঙ্গে দেখা করতে নাটোরে যুক্তরাষ্ট্রের তেরি পারসন
বন্ধুত্বের টানে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চর বালশা গ্রামের রাজমিস্ত্রি সেতু মোল্লার বাড়িতে অবস্থান করছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তেরি পারসনকে বরণ করে নেন তাঁর বাংলাদেশি বন্ধু সেতু মোল্লা। পরে তাঁকে সঙ্গে নিয়ে নিজ গ্রামের বাড়ি চর বালশায় ফেরেন সেতু। গ্রামে এসে নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় বিদেশি বন্ধুকে গ্রাম ঘুরে দেখান তিনি।
সেতু মোল্লা জানান, তিনি পেশায় রাজমিস্ত্রি ও ভ্যানচালক। অবসরে ফেসবুকে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন। প্রায় ২৫ দিন আগে তেরি পারসন তাঁর একটি ভিডিওতে লাইক দেন। এরপর মেসেঞ্জারে আলাপ শুরু হয় দুজনের মধ্যে, যা দ্রুতই গড়ে তোলে আন্তরিক বন্ধুত্বের বন্ধন। আর সেই বন্ধুত্বই টেনে এনেছে তেরিকে দূর আমেরিকা থেকে বাংলাদেশের ছোট্ট গ্রামে।
বন্ধুকে দেখতে ১৫ দিনের ছুটি নিয়ে বাংলাদেশে আসেন তেরি পারসন। সঙ্গে এনেছেন প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের চেইন, শিশুদের জন্য খেলনা ও নানান উপহার। গ্রামে এসে সেতুর পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে সহজেই মিশে যাচ্ছেন তিনি। শিশুদের সঙ্গে খেলাধুলা, গল্প আর হাসিতে সময় কাটাচ্ছেন আনন্দে।
তেরি পারসন বলেন, “বাংলাদেশে এসে বুঝেছি, সরল মানুষ কতটা হৃদয়বান হতে পারে। এখানে মানুষ বিলাসী নয়, কিন্তু তাদের ভালোবাসা অসাধারণ। এটা আমার জীবনের সবচেয়ে অনন্য অভিজ্ঞতা।”
তিনি আরও জানান, ছয় মাস পর আবারও বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে তাঁর, এবং তিনি চান তাঁর অন্যান্য আমেরিকান বন্ধুরাও যেন বাংলাদেশে ভ্রমণ করেন।
স্থানীয়রা জানান, তেরি পারসনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। প্রতিদিনই কেউ না কেউ আসছেন বিদেশি এই অতিথিকে দেখতে। বন্ধুত্বের এই অনন্য গল্প হয়ে থাকছে দুই দেশের মানুষের হৃদয়ের সেতুবন্ধনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে।


















