বড়াল নদ থেকে সোয়া লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- আপডেট সময় : ১২:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৫৭৪ বার পড়া হয়েছে

বড়াল নদ থেকে সোয়া লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ
বড়ালী নদে ৩টি উপজেলা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নিষিদ্ধ ২৩ টি চায়না দুয়ারি জাল ও ৭ টি নেট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সোয়া ৫টা পর্যন্ত আটঘড়িয়া স্লুইসগেট সংলগ্ন বড়াল নদে বাগাতিপাড়া-লালপুর ও বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও লালপুর সেনাবাহিনী ক্যাম্পের সদস্যবৃন্দ যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই জাল জব্দ করেন। পরে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানের সময় বড়াইগ্রাম উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মুরাদ হোসেন প্রামাণিক, বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান এবং মৎস সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি সাত্তার উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তারা জানান, চায়নাদুয়ারী জাল দিয়ে মাছ ধরার সময় শুধুমাত্র মাছই নয়, শামুক, বিভিন্ন জলজ পোকামাকড়, পোনা, রেণু ও ছোট প্রজাতির মাছও ধ্বংস হয়ে যায়। এতে করে নদীর জীববৈচিত্র ও প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে পরিবেশের জন্য এই জাল অত্যন্ত ক্ষতিকর এবং মৎস্য সংরক্ষণ আইনে এটি সম্পূর্ণ অবৈধ। এরপরও কিছু অসাধু ব্যক্তি দীর্ঘ দিন ধরে বড়াল নদীতে এই জাল ব্যবহার করে মাছ শিকার করছিলেন। প্রশাসন বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় এবং উদ্ধারকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
জালগুলোর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২৭ হাজার টাকা বলেও জানিয়েছেন তারা।




















