পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
আউলিয়াঘাটে ৬ ঘণ্টা পর ডুবুরি দলের উদ্ধার, এলাকায় শোক
পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়াঘাট এলাকায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সজীব (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।
রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজীবসহ চারজন যুবক করতোয়া নদীতে গোসলে নামেন। এ সময় সাঁতার না জানা সজীব গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর নদী থেকে সজীবের মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, নিহত সজীব বড়শশী ইউনিয়নের বদেশ্বরী এলাকার আব্দুল মালেকের ছেলে। প্রাথমিকভাবে জানা যায়, তিনি ঢাকায় চাকরি করতেন এবং সম্প্রতি বাড়িতে এসেছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



















