নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর!
- আপডেট সময় : ০২:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৪৩৪ বার পড়া হয়েছে

নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর!
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে আশরাফুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে নন্নী বাইঘরপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং সমশ্চুড়া এলাকার সুলতান মিয়ার নাতি।
পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফুলের বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে নানাবাড়ি সমশ্চুড়ায় থেকে পড়াশোনা করতো।
প্রতিদিনের মতো সোমবার সকালেও স্কুলে গিয়ে দুপুরে বাড়ি ফেরে। পরে বিকেলে নানা সুলতান মিয়ার সঙ্গে মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে।
অসাবধানতাবশত পানিতে তলিয়ে গেলে প্রায় ১০ মিনিট পর তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অকালপ্রয়াত এ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


















