নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা
নাটোরে সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় এবং স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে নাটোর শহরের উপজেলা চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্রনাথ উরাও, নাটোর সদর উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি প্রতাপ মুন্ডা, সাধারণ সম্পাদক হেমন্ত পাহানসহ জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতিতে আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তারা এখনও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার। সমতলের আদিবাসীদের ভূমি অধিকার সুরক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সুযোগ বৃদ্ধি এবং সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন সময়ের দাবি। একই সঙ্গে তাদের সাংস্কৃতিক পরিচয়, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


















