নাটোরের লালপুরে স্ত্রীকে “শ্বা-সরো-ধ” করে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
- আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৬২৫ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে স্ত্রীকে “শ্বা-সরো-ধ” করে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নাটোরের লালপুরে ২০২০ সালে স্ত্রী লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এসময় আদালত আসামী সিরাজুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ডেরও আদেশ প্রদান করেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. সোহাগ তালুকদার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সাথে রামনারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে সিরাজুল তার স্ত্রী লতাকে নির্যাতন করতে থাকে। এরই একপর্যায়ে ২০২০ সালের ২৭শে এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকা থেকে লতা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্তের এক পর্যায়ে জানায় লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে জামাই সিরাজুল ইসলামকে আসামি করে ওই বছরের ১৩ ডিসেম্বর লালপুর থানায় এজাহার দায়ের করেন লতার বাবা।
এবিষয় নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পাবলিক প্রসিকউটর আব্দুল কাদের মিয়া জানান, দীর্ঘ ৪ বছরের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করলো। রায় প্রদানের সময় অভিযুক্ত সিরাজুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন বলে জানান, আব্দুল কাদের মিয়া।



















