নাটোরের নলডাঙ্গায় কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
- আপডেট সময় : ০২:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৫১৩ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গায় কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
নাটোরের নলডাঙ্গায় এক কিশোরী (১৫) গণধর্ষণের ঘটনায় মনিরুল ইসলাম (৩৩) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মনিরুল ইসলাম কে গ্রেফতার করে। গ্রেফতার মনিরুল ইসলাম একই উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে মনিরুল ইসলামের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৯ অক্টোবর রাতে বেড়ানোর কথা বলে মনিরুল ওই কিশোরীকে কাশোবাড়িয়া গ্রামে নিয়ে যায়। সেখানে মনিরুল ইসলামসহ সেলিম ও হাবিব মিলে কিশোরীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
পরে কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”




















