নলডাঙ্গায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, জনতার হাতে আটক ৩
- আপডেট সময় : ০৪:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, জনতার হাতে আটক ৩
মোমিনপুর বাজারে দোকান মালিকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি, মামলা দায়ের
নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর বাজারে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে তিনজন ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে নলডাঙ্গা থানাধীন মোমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— মো. খোরশেদ আলম (৪০), মো. রাকিব হোসেন (২২) ও মো. পারভেজ ইসলাম (২৩)। তারা সবাই নলডাঙ্গা উপজেলার ২ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও ডিবি পুলিশ জানায়, মোমিনপুর বাজারে অবস্থিত বাঁধন কীটনাশক ও সারের দোকানে মোটরসাইকেলযোগে এসে তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দোকান মালিকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দোকান মালিক আশপাশের ব্যবসায়ীদের বিষয়টি জানান।
এরপর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন একত্রিত হয়ে অভিযুক্তদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। এতে জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে হেফাজতে নেয়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।



















