আদালতের আদেশ অমান্য করে কৃষকের জমি দখলের অভিযোগ বাগমারায় ‘হাতুড়ি নান্টু বাহিনীর’ বিরুদ্ধে
- আপডেট সময় : ০২:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে

আদালতের আদেশ অমান্য করে কৃষকের জমি দখলের অভিযোগ বাগমারায় ‘হাতুড়ি নান্টু বাহিনীর’ বিরুদ্ধে
ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে প্রাচীর নির্মাণ, পুলিশ নীরব-আতঙ্কে ভুক্তভোগী কৃষক
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামে আদালতের আদেশ অমান্য করে এক গরিব কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে ‘হাতুড়ি নান্টু বাহিনীর’ বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বাহিনীর প্রধান নান্টু শাহর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী জমি দখল করে সেখানে ইট দিয়ে প্রাচীর নির্মাণ শুরু করে।
অভিযোগে জানা যায়, চেউখালী গ্রামের কৃষক রিয়াজ উদ্দিনের স্ত্রী দেলোয়ারা বেগমের ক্রয়সূত্রে প্রাপ্ত ৩১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে নান্টু শাহ ও তার ভাই শাহিনের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে থানা ও আদালতে তিনটি মামলা চলমান রয়েছে।
কয়েক দিন আগে হাতুড়ি বাহিনীর সদস্যরা জোরপূর্বক জমিতে প্রাচীর তুলতে গেলে স্থানীয়দের বাধা ও পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ হয়। পরে রিয়াজ উদ্দিন আদালতের শরণাপন্ন হলে আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে ১৪৪ ধারা জারি করে নিষেধাজ্ঞা দেন।
তবে আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে আবারও নান্টু শাহ সন্ত্রাসী বাহিনী নিয়ে গিয়ে জোরপূর্বক প্রাচীর নির্মাণ শুরু করে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী কৃষক রিয়াজ উদ্দিন অভিযোগ করে বলেন, “পুলিশকে বিষয়টি জানালেও তারা ঘটনাস্থলে যায়নি। আদালতের নির্দেশ অমান্য করে আমার জমি দখল করা হচ্ছে, অথচ প্রশাসন চুপ।”
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈহিদুল ইসলাম বলেন, “ওই বিরোধপূর্ণ জমিতে কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে আদালতের নির্দেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”


















